ভোট স্থগিত: পুলিশের দুটি তদন্ত কমিটি গঠন

 
পৌরসভা নির্বাচনে কেন্দ্র স্থগিতের কারণ অনুসন্ধানে পুলিশ দুটি তদন্ত কমিটি গঠন করেছে। ভোটের পরদিন বৃহস্পতিবার সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
 
পৌরভোটে নরসিংদীর মাধবদীর পুরো পৌরসভায় ভোট স্থগিত করা হয়েছে। এছাড়া আরো ১৮টি পৌরসভার ৩৮টি কেন্দ্রে ভোট স্থগিত হয়েছে নানা অনিয়মের অভিযোগে।
 
কুমিল্লার বরুড়া পৌরসভার একটি কেন্দ্র, চট্টগ্রামের চন্দনাইশের তিনটি কেন্দ্র এবং মাদারীপুরের কালকিনির দুটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিতের কারণ অনুসন্ধানে পুলিশ কমিটি গঠন করেছে।
 

বরুড়ার শিলমুড়ি উত্তর ইউনিয়ন পরিষদ কেন্দ্র এবং চন্দনাইশের তিনটি কেন্দ্রে ভোট স্থগিতের কারণ অনুসন্ধানে চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. মাহাবুবর রহমানকে আহ্বায়ক করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্য সচিব হলেন চট্টগ্রাম আরআরএফের কমান্ডেন্ট মো. মাসুদ করিম এবং সদস্য থাকছেন পিবিআই চট্টগ্রামের পুলিশ সুপার মো. জুলফিকার আলী হায়দার।