জেএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় আত্মহত্যা

নীলফামারীতে জেএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শান্ত ইসলাম প্রান্ত (১৩) নামের ৮ম শ্রেণির এক ছাত্র আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার বিকালে জেলার সদর উপজেলার রামনগর ইউনিয়নের মাঝাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। শান্ত ওই গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। 
 
নিহতের বাবা আব্দুস সাত্তার বলেন, 'আমার ছেলে ২০১৫ শিক্ষাবর্ষে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় অকৃতকার্য হয়। সন্ধ্যায় সে শোবার ঘরে ঢুকে দরজা আটকিয়ে দেয়। অনেক ডাকাডাকি করার পর কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে দেখতে পাই তার ঝুলন্ত লাশ।'
 
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাজাহান পাশা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে থানায় ইউডি মামলা হয়েছে। অভিভাবকের লিখিত আবেদনের কারণে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দিয়েছেন। রামনগর উচ্চ বিদ্যালয় থেকে সে এবার জেএসসি পরীক্ষায় অংশ নিয়ে অকৃতকার্য হয়।