ইসি শতভাগ ক্ষমতা প্রয়োগ না করলে দায়ী থাকবে: বি. চৌধুরী

যুক্তফ্রন্ট চেয়ারম্যান ও বিকল্পধারার প্রেসিডেন্ট অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি- সংবিধানে নির্বাচন কমিশনকে (ইসি) যেসব ক্ষমতা দেওয়া হয়েছে তাতে ইসি সুষ্ঠু নির্বাচনের জন্য সেসব ক্ষমতা একশ ভাগ প্রয়োগ করলে দেশবাসীর বিশ্বস্ততা অর্জন করতে পারবে। না হলে তারা ইতিহাসের কাছে দায়ী থাকবেন। গতকাল মঙ্গলবার বিকল্পধারার নির্বাচনী কার্যালয় মধ্য বাড্ডার ট্রপিক্যাল মোল্লা টাওয়ারে দলীয় মনোনয়ন প্রার্থীদের সাক্ষাত্কার গ্রহণ কার্যক্রমের এক পর্যায়ে উপস্থিত সাংবাদিকদের তিনি একথা বলেন।

বিকল্পধারার মনোনয়ন বোর্ড গতকাল ২০ জনের সাক্ষাত্কার গ্রহণ করে। বোর্ডের চেয়ারম্যান হিসেবে অধ্যাপক বি. চৌধুরী প্রার্থীদের সাক্ষাত্কার নেন। মনোনয়ন বোর্ডের সদস্যরা হলেন বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান, প্রেসিডিয়াম সদস্য সমশের মবিন চৌধুরী, গোলাম সারোয়ার মিলন, আবদুর রউফ মান্নান, এইচ এম গোলাম রেজা প্রমুখ। আজ বুধবার বেলা ১১টা থেকে সাক্ষাত্কার নেওয়া হবে।