যশোরের চৌগাছা উপজেলায় বাসচাপায় আব্দুল মান্নান নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। সে গরীবপুর আদর্শ বিদ্যাপীঠের ১০ম শ্রেণীর ছাত্র ছিল।
স্কুলের শিক্ষক শরিফুল ইসলাম জানান, শুক্রবার সকালে উপজেলার পিতম্বরপুর গ্রামের আহম্মদ আলীর ছেলে মান্নান স্কুল থেকে নতুন বই নিয়ে বাড়ি যায়। বেলা ১১ টার দিকে বাড়ি থেকে মোটরসাইকেলে করে চৌগাছা শহরে যাচ্ছিল। চৌগাছা-ঝিকরগাছা সড়কের চাঁদপুর এমডব্লিউবি ব্রিক্সের কাছে পৌঁছালে একটি আলমসাধুর সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে মান্নান মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যায়। এ সময় বিপরীত দিক থেকে দ্রুত গতিতে আসা একটি বাসের চাকায় পিষ্ট হয়ে মান্নান ঘটনাস্থলেই মারা যায়।
বাসটি আটক করে স্থানীয়রা ভাঙচুর করেছে। এ সময় বাসটির চালক জিয়াউর রহমানকে মারধর করে তারা। পরে পুলিশ তাকে উদ্ধার করে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন বলেন, ‘এ ঘটনায় ব্যবস্থা নেয়া হবে।’