লোহাগড়ায় সংঘর্ষে আহত আওয়ামী লীগ নেতার মৃত্যু

নড়াইলের লোহাগড়া পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে ২৯ নভেম্বর আওয়ামী লীগের সম্ভাব্য দুই মেয়র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ওয়ার্ড আওয়ামী লীগ নেতা বাচ্চু মোল্যা মারা গেছেন।
 
৩৩ দিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার রাতে ঢাকার সিএমএইচ হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত বাচ্চু মোল্যা (৫০) লোহাগড়া পৌর সভার জয়পুর গ্রামের আব্দুল আজিজ মোল্যার ছেলে ও ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক।
 
শুক্রবার সকালে জয়পুর ঈদগাও মাঠে জানাযা শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে।
 
ঘটনার অবতারণা
২৯ নভেম্বর পৌরসভার জয়পুর গ্রামে সম্ভাব্য মেয়র প্রার্থী নাজমুল করিম বাবুর সমর্থকদের সঙ্গে একই গ্রামের আওয়ামী লীগ নেতা সৈয়দ মশিয়ুর রহমানে সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে পান্নু মোল্যা, বাচ্চু মোল্যা, দিলু মোল্যা, রাব্বি মোল্যাসহ ছয়জন আহত হন। আহত বাচ্চু মোল্যাকে প্রথমে লোহাগড়া এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। অবস্থার অবনতি হলে তাকে ৩ ডিসেম্বর তাকে ঢাকার সিএমএইচ হাসপাতালে ভর্তি করানো হয়।
এ ঘটনায় মন্নু মোল্যা বাদী হয়ে ওই দিনই ৩৫ জনকে আসামি করে মামলা করেন।
 
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) বিপ্লব সাহা তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।