যশোরের চৌগাছা উপজেলায় বাসচাপায় আব্দুল মান্নান নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। সে গরীবপুর আদর্শ বিদ্যাপীঠের ১০ম শ্রেণীর ছাত্র ছিল।
ঘটনার পর বাসটি আটক করে ভাঙচুর করেছে স্থানীয়রা। এবং এর চালক জিয়াউর রহমানকে মারধর করা হয়।
এর প্রতিবাদে বিকেল চারটার দিকে চৌগাছা বাস মালিক সমিতি ও চৌগাছা মোটরযান শ্রমিক ইউনিয়ন পাঁচটি সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেয়।
ওই স্কুলের শিক্ষক শরিফুল ইসলাম জানান, শুক্রবার সকালে উপজেলার পিতম্বরপুর গ্রামের আহম্মদ আলীর ছেলে মান্নান স্কুল থেকে নতুন বই নিয়ে বাড়ি যায়। বেলা ১১ টার দিকে বাড়ি থেকে মোটরসাইকেলে করে চৌগাছা শহরে যাচ্ছিল। চৌগাছা-ঝিকরগাছা সড়কের চাঁদপুর এমডব্লিউবি ব্রিক্সের কাছে পৌঁছালে একটি আলমসাধুর সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে মান্নান মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যায়। এ সময় বিপরীত দিক থেকে দ্রুত গতিতে আসা একটি বাসের চাকায় পিষ্ট হয়ে মান্নান ঘটনাস্থলেই মারা যায়।
এরপর বাসটি আটক করে গ্রামবাসী ভাঙচুর করেছে। এ সময় বাসটির চালক জিয়াউর রহমানকে মারধর করে তারা। পরে পুলিশ তাকে উদ্ধার করে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।
গাড়ি ভাঙচুর ও চালককে মারধরের প্রতিবাদে চৌগাছা বাস মালিক সমিতি ও চৌগাছা মোটরযান শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে শ্রমিকরা চৌগাছা-যশোর, চৌগাছা-ঝিকরগাছা, চৌগাছা-মহেশপুর, চৌগাছা-কোটচাঁদপুর ও চৌগাছা-পুড়াপাড়া সড়কে ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দেয়।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।