ভোট বর্জনের পর ভিসির বাসভবন ঘেরাও করে ছাত্রদল, বাম সংগঠন, কোটা সংস্কারসহ স্বতন্ত্র প্যানেলের প্রার্থী ও তাদের সমর্থকরা। আজ মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের ছাত্র ধর্মঘট ঘোষণা করেছেন তারা। গতকাল মধুর ক্যান্টিনে ছাত্রদল এবং বাম—কোটা—স্বতন্ত্র প্রার্থীরা পৃথক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন। দাবির প্রতি সংহতি জানিয়ে কর্মসূচি পালন করেছেন সাবেক শিক্ষার্থীদের একটি অংশও। দাবি বাস্তবায়নে তারা শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন করেন।
একই সঙ্গে নির্বাচন বাতিলের দাবিতে আজ মঙ্গলবার বিক্ষোভের ডাক দিয়েছে ভোট বর্জনকারী ছয়টি প্যানেল ও স্বতন্ত্রপ্রার্থীরা। রাজু ভাস্কর্যের সামনে এই অবস্থান কর্মসূচি পালিত হবে।
একই দাবিতে বিবৃতি দিয়েছে বিশ্ববিদ্যালয়ে কর্মরত বিএনপি সমর্থক সাদা দলের শিক্ষকরা। আর পুননির্বাচনের দাবিকে হাস্যকর বলে অভিহিত করেছেন ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা ও প্রার্থীরা।