নিজামীর সর্বোচ্চ শাস্তির দাবিতে গণজাগরণ মঞ্চের সমাবেশ শনিবার

 
মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির প্রতিবাদে ও মানবতাবিরোধী অপরাধী জামায়াত নেতা যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামীর সর্বোচ্চ শাস্তির দাবিতে শনিবার সমাবেশ ও মিছিল করবে গণজাগরণ মঞ্চ । বিকেল তিনটা থেকে শাহবাগ প্রজন্ম চত্বরে এ কর্মসূচী পালিত হবে।
 
গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার শুক্রবার এক বিবৃতিতে মিছিল ও সমাবেশ কর্মসূচি সফল করার আহ্বান জানিয়ে বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির এই নির্লজ্জ, ঔদ্ধত্যপূর্ণ এবং ষড়যন্ত্রমূলক অপচেষ্টার তীব্র প্রতিবাদ জানাচ্ছে।
 
বিবৃতিতে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিরা অত্যন্ত সুকৌশলে আমাদের সর্বশ্রেষ্ঠ অর্জন মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে নানারকম ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য রেখে মহান মুক্তিযুদ্ধের বিভিন্ন ঐতিহাসিক অর্জনকে প্রশ্নবিদ্ধ করার এবং নতুন প্রজন্মকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে। গৌরবময় মুক্তিযুদ্ধের ৪৪ বছর অতিক্রান্ত হবার পর অহেতুক ইতিহাস নিয়ে বিভ্রান্তি তৈরির পেছনে একাত্তরের পরাজিত শক্তি নতুন করে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।
 
সমাবেশ ও বিক্ষোভ মিছিলে যোগ দিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ গড়ার অব্যাহত লড়াইয়ে শামিল হওয়ার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান তিনি।