নির্বাচনে হেরে যাওয়া কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের হামলা এবং এ থেকে শুরু হওয়া সংঘর্ষে কালকিনিতে কাউন্সিলরসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। হিন্দু অধ্যুষিত এলাকায় এই হামলা চালান হয়। এদিকে বাগেরহাটে আগুন দেয়া হয়েছে ওয়ার্ড আওয়ামী লীগের অফিসে।
কালকিনি (মাদারীপুর) সংবাদদাতা জানান, জুমা’র নামাজের পর এ সংঘর্ষের সময় পাঁচটি বাড়িঘর ভাঙচুর করা হয়। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, পৌরসভার ৩নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছেন মো. তোফাজ্জেল হোসেন দাদন। তার প্রতিদ্বন্দ্বী হিসেবে নির্বাচন করেন মো. তোফাজ্জেল হোসেন বেপারী। নির্বাচনে পরাজিত হয়ে তোফাজ্জেল হোসেন বেপারীর সমর্থকরা পৌরসভার ঝুরগা গ্রামে হিন্দু অধ্যুষিত এলাকা ঝুরগার খলিশাডুবি গ্রামের সনাতন সরকারের (মাস্টার) বাড়িতে হামলা-লুটপাট চালায়। হামলাকারীদের দায়ের আঘাতে আহত হন, লিটন বেপারী, মো. রিফাত, জহুরুল, পলি, তফাজ্জেল হোসেন দাদন, রফিক সরদার, মজিবুর রহমান, আমজাদ সরদার, মিজানুর রহমান, আকবর হোসেন, রানু, রানা, পঙ্কজ মণ্ডল, পলাশ মণ্ডল, দিপারানী সরকার, আশুতোষ সরকার, রতন মণ্ডল, নারায়ণ মণ্ডল, রিপা. প্রতিম সরকার।
এ ব্যাপারে কালকিনি থানা তদন্ত ওসি মো. ইদ্রিস আলী বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে শর্টগানের গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযোগ পেলে মামলা নেয়া হবে।
বাগেরহাটে আওয়ামী লীগের কার্যালয়ে আগুন
বাগেরহাট প্রতিনিধি জানান, বাগেরহাট শহরের আমলাপাড়া এলাকায় অবস্থিত ৪নং ওয়ার্ড পৌর আওয়ামী লীগের দলীয় কার্যালয় আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার ভোরের দিকে আওয়ামী লীগের এই দলীয় কার্যালয়ে আগুন দেয়ার ঘটনা ঘটে।
লোহাগড়ায় আহত আওয়ামী লীগ নেতার মৃত্যু
লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা জানান, নড়াইলের লোহাগড়া পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের সম্ভাব্য দু‘জন মেয়র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত বাচ্চু মোল্যা ৩৩ দিন পর গত বৃহস্পতিবার রাতে ঢাকার সিএমএইচ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা গেছেন।