চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় চোর সন্দেহে ৬ জন গণপিটুনির শিকার হয়েছে। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ৩জনকে আলমডাঙ্গার হারদী হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। শনিবার ভোরে এ ঘটনা ঘটে।
চুয়াডাঙ্গায় আলমডাঙ্গা উপজেলার জামজামি ভদুয়া গ্রামে গরু চুরি করে পালানোর সময় ৬ চোরকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে গ্রামবাসী।
গণপিটুনির শিকাররা হলেন- চুয়াডাঙ্গা শহরের ইসলাম পাড়ার শহিদুল ইসলামের ছেলে সাকিল (২৬), দামুড়হুদা উপজেলার দুধপাতিলা গ্রামের মৃত ইসমাইলের ছেলে আবুল কালাম (৫৫), মৃত আবদুস সালামের ছেলে ইনতাজ (৩৫), বড় দুধপাতিলা গ্রামের মৃত নুর ইসলামের ছেলে সাহেব আলী (৪০), মিনা মণ্ডলের ছেলে গাফ্ফার (৩৫) ও উজিরপুর গ্রামের আফছার আলীর ছেলে খাখচার আলী (৫৫)।
আলমডাঙ্গা থানার এসআই আফজাল হোসেন জানান, জামজামির ভদুয়া গ্রামের আমজাদ আলীর বাড়ি থেকে তিনটি গরু চুরি করে একটি মিনি ট্রাকযোগে পালানোর সময় গ্রামবাসী যমুনার মাঠ থেকে ছয় চোরকে আটক করে গণপিটুনি দেয়। আলমডাঙ্গা থানা পুলিশ এ সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে গণপিটুনির শিকার ছয় চোরকে উদ্ধার করে আলমডাঙ্গার হারদী হাসপাতালে ভর্তি করেছে।
এ ব্যাপারে আলমডাঙ্গা থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।