মুক্তাগাছায় সেতু সংস্কারের অভাবে দুর্ভোগ

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার মহেশপুর গ্রামের দলির খালের উপর সেতুটি সংস্কারের অভাবে এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। নির্মাণের ৫ বছরের মধ্যেই সেতুর মাঝখান থেকে ঢালাই খসে পড়ে ফাঁকা হয়ে গেছে। সেতুর মাঝখানের অংশ শুধু কঙ্কালের মতো লোহা রয়েছে। এই সেতুর উপর দিয়ে ৩টি উপজেলার মধুপুর, ফুলবাড়ীয়া ও মুক্তাগাছা উপজেলার প্রায় ১০টি গ্রামের ৩০ হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করে। 
 
ফুলবাড়ীয়া-সন্তোষপুর মধুপুরের আউশনাড়া, মোটের বাজার, মুক্তাগাছা খাজুলিয়া, মহেষপুর ও পাহাড় পাবইজানসহ ১০টি গ্রামের মানুষ ৩টি উপজেলা সদরে যাতায়াত করে। এ রাস্তা দিয়ে কৃষিপণ্য পরিবহনসহ সাধারণ মানুষ রিকশা, ভ্যানযোগে যাতায়াত করে। 
 
অন্যদিকে পাহাড়ী অঞ্চল হওয়ায় এ অঞ্চলে উৎপাদিত সবজি, কৃষি পণ্য রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ট্রাকের মাধ্যমে সরবরাহ করা হয়ে থাকে। সেতুটি চলাচলের অযোগ্য হওয়ায় একদিকে কৃষিপণ্য সরবরাহ না করতে পারায় স্থানীয় কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে অন্যদিকে সাধারণ মানুষের যাতায়াতের চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে। 
 
সেতুটি জরুরি ভিত্তিতে সংস্কারের দাবি জানিয়েছে এলাকাবাসী।