পীরগাছায় পুলিশ হত্যা মামলার আসামি গ্রেফতার

রংপুরের পীরগাছায় পুলিশ কনস্টেবল মোজাহার আলী হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি নুরুল ইসলাম (৫০) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোরে অভিযান চালিয়ে উপজেলার দেউতি বাজার সংলগ্ন নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। নুরুল ইসলাম দীর্ঘ দিন থেকে পলাতক ছিলেন। 
 
মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর বিকাল ৩টার দিকে পীরগাছা রেল স্টেশনে হরতাল সমর্থক জামায়াত শিবির কর্মীরা বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ এতে বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে জামায়াত শিবিরের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৫০ রাউন্ড রাবার বুলেট ও ২০০ রাউন্ড গুলি বর্ষণ করে। এতে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), উপ-পরিদর্শক ও পুলিশ সদস্যসহ বিএনপি এবং জামায়াত শিবিরের ৪০ জন আহত হয়েছে। 
 
এদের মধ্যে পুলিশ সদস্য মোজাহার আলীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করলে সেখানে তার মৃত্যু হয়।
 
পীরগাছা থানার ওসি আমিনুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে নুরুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা আছে।