জাতীয় পার্টি (জাপা) সংসদে ‘পুরোপুরি কৃত্রিম’ বিরোধী দল নয় বলে উল্লেখ করেছেন সংসদে বিরোধী দলের উপনেতা ও দলটির কো-চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেছেন, কৃত্রিমভাবে বর্তমান বিরোধী দল তৈরি-এটা আংশিক সত্য। কারণ দলটি সরকারি জোটভুক্ত হয়ে নির্বাচন করেছে। তবে শতভাগ কৃত্রিম নয় এটা নিশ্চিত করে বলতে পারি।
গতকাল সোমবার সংসদে রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় ও অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি জাপাকে নিয়ে জনমনে সৃষ্ট প্রশ্ন সম্পর্কে এই জবাব দেন। বিরোধী দলীয় নেতা এইচএম এরশাদের অনুপস্থিতিতে দলের পক্ষে মূল বক্তব্য রাখেন তিনি।
জিএম কাদের বলেন, অনেকে বলে চলেছেন জাপা সরকারি জোট থেকে নির্বাচন করায় আমাদের দল পুরোপুরি সরকারের পক্ষ হয়েই কাজ করবে। বর্তমান যে সংসদীয় ব্যবস্থা এবং সংবিধানের ৭০ অনুচ্ছেদ, তাতে এখানে যারাই বিরোধী দলে থাকুক না কেন ফল কী হবে সবাই জানে। ৭০ অনুচ্ছেদ অনুযায়ী, কোনো দলের সদস্য সেই দলের বিরুদ্ধে ভোট দিতে পারবেন না। যার কারণে সংখ্যাগরিষ্ঠ দল যা সিদ্ধান্ত নেবে সেটাই হবে। এই ব্যবস্থায় সবসময় জেতে সরকারি দল, আর বিরোধী দল সবসময় সংসদে হারে। আমি মনে করি, এটাই আসলে পাতানো খেলা। সেই কারণে আমি বলবো, ’৯০ এর পর থেকে প্রতিটি সংসদই আসলে পাতানো খেলা। আমরা যদি সংখ্যায় আরও বেশি থাকতাম, বেশি করে হইচই করতে পারতাম, সংসদকে প্রাণবন্ত মনে হত। কিন্তু বাস্তব অবস্থা থেকে আমরা বের হয়ে আসতে পারতাম না। তিনি তার বক্তব্যে ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনের দাবি জানিয়ে বলেন, সাংবাদিকদের আপত্তিগুলো বিবেচনার আশ্বাস দিয়েও পরে সেগুলো আমলে নেওয়া হয়নি।
এরশাদের জন্য দোয়া প্রার্থনা:জিএম কাদেরের আগে দেওয়া বক্তব্যে জাপার সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ অসুস্থ স্বামী এরশাদের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চান। রওশন আরো বলেন, বাংলাদেশকে এগিয়ে নিতে হলে ঐকমত্য প্রয়োজন। সবাইকে মিলেমিশে কাজ করতে হবে।
তিনি বলেন, ’৯৬ এর পর থেকেই মূলত উন্নয়নের ধারাবাহিকতা শুরু হয়। এর আগে উন্নয়ন থেমে গিয়েছিল। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী সঠিকভাবে পালনের পরামর্শ দিয়ে তিনি বলেন, এমনভাবে পালন করতে হবে যেন এটা মাইলফলক হয়ে থাকে। ফেসবুক সীমিত সময়ের জন্য বন্ধ রাখার প্রস্তাব রেখে তিনি বলেন, এটা করলে শিক্ষার্থীরা শান্তিমতো ঘুমাতে পারবে, ঠিকমত লেখাপড়া করতে পারবে। তাছাড়া ফেসবুক বর্তমানে পরিবার, সমাজ ও দেশে অনেক অশান্তি সৃষ্টির মাধ্যম হয়ে দাঁড়িয়েছে।