চট্টগ্রামের সীতাকুণ্ড প্রেসক্লাবে হামলাকারী দাউদ সম্রাটসহ জড়িত সকলকে গ্রেফতার না করলে সাংবাদিক সমাজকে সঙ্গে নিয়ে সারা দেশে আন্দোলন গড়ে তোলা হবে। শনিবার দুপুর ১২ টায় চট্টগ্রাম প্রেসক্লাব প্রাঙ্গণে এক প্রতিবাদ সভায় সাংবাদিক নেতারা এ হুশিয়ারি উচ্চারণ করেন।
সাংবাদিক নেতারা বলেন, ‘বর্তমান শেখ হাসিনার সরকার সাংবাদিক বান্ধব সরকার। তাই কোন সন্ত্রাসী সাংবাদিকদের গায়ে আঘাত করে রক্ষা পাবে না।’
এতে বিএফইউজে’র কেন্দ্রীয় সহ-সভাপতি মো. শহীদুল আলম প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অন্যান্যের মধ্যে প্রেসক্লাবের সদস্য সচিব সৌমিত্র চক্রবর্তী, সাংবাদিক সেকান্দার হোসাইন, লিটন কুমার চৌধুরী, মীর দিদারুল হোসেন টুটুল, আব্দুল্লাহ আল ফারুক, তালুকদার নির্দেশ বড়ুয়া, মো. জাহাঙ্গীর আলম, আবুল খায়ের, কামরুল ইসলাম দুটু ও আবু তাহেরসহ চট্টগ্রাম প্রেসক্লাবের সাংবাদিকরা বক্তব্য রাখেন।
এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাব আহ্বায়ক এম হেদায়েত। সভা পরিচালনা করেন প্রেসক্লাবের সাবেক সভাপতি এসএম ফোরকান আবু।
এতে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. এজাজ ইউসুফী, সাধারণ সম্পাদক হাছান ফেরদৌস ও চট্টগ্রাম মেট্টোপলিটন সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সদস্য সাইফুল ইসলাম শিল্পী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।