শিশুর মৃত্যুর পাঁচ মাস পর হত্যা মামলা

জয়পুরহাটের আক্কেলপুরে রাজ হোসেন নামে পাঁচ বছরের এক শিশুর মৃত্যুর পাঁচ মাস পর দায়ের করা হলো হত্যা মামলা। মাথায় আঘাতের ফলেই শিশুটির মৃত্যুর কারণ জানার পর শনিবার বিকেলে আক্কেলপুর থানায় মামলাটি করা হয়। অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে জয়পুরহাট সদর থানার উপ পরিদর্শক (এসআই) আবদুস সালাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
 
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত বছরের ১২ জুলাই সন্ধ্যায় অসুস্থ হয়ে পড়লে জয়পুরহাটে আক্কেলপুর উপজেলার নলডাঙ্গা গ্রামের খোকন হোসেনের ছেলে রাজ হোসেনকে (৫) তার নানা দুলাল হোসেন জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাজ মারা যায়। এ ঘটনায় জয়পুরহাট সদর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়। মামলাটির তদন্ত করেন জয়পুরহাট সদর থানার উপ পরিদর্শক (এসআই) আবদুস সালাম। 
 
এক সপ্তাহ আগে পাওয়া ময়নাতদন্তের প্রতিবেদনে দেখা যায়, আঘাতজনিত কারণে শিশু রাজ হোসেনের মৃত্যু হয়েছে। পরে তদন্ত শেষে রাজ হোসেনকে হত্যার অভিযোগ এনে আবদুস সালাম আক্কেলপুর থানায় একটি হত্যা মামলা করেন।
 
আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেন বলেন, জয়পুরহাট সদর থানার এসআই আবদুস সালামের এজাহারটি শনিবার হত্যা মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। মামলাটি তদন্তের দায়িত্ব আক্কেলপুর থানার এসআই আজমল হোসেনকে দেয়া হয়েছে।
 
এসআই আজমল হোসেন বলেন, শিশু রাজ হোসেন তার নানার বাড়িতে বড় হচ্ছিল। একদিন সন্ধ্যায় হঠাৎ শিশুটি অসুস্থ হয়ে পড়ে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। মাথায় আঘাতজনিত কারণে শিশুটির মৃত্যু হয়েছে বলে ময়নাতদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পারিবারিক শত্রুতার কারণে শিশুটিকে হত্যা করা হতে পারে। দু-এক দিন পর মামলার তদন্তকাজ শুরু করবেন বলে তিনি জানান।