বেনাপোলে ২৯ বাংলাদেশিকে হস্তান্তর বিএসএফ’র

ভারতে অনুপ্রবেশের দায়ে আটক ২৯ বাংলাদেশিকে বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। 
 
শনিবার রাত সাড়ে ৮টার দিকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে তাঁদের হস্তান্তর করে বিএসএফ।
 
২৬ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল ক্যাম্পের সুবেদার আবদুল হামিদ জানান, অবৈধপথে ভারতে গিয়ে সেখানকার সীমান্তবর্তী বনগাঁও এলাকায় বিএসএফের হাতে আটক হয় ২৯ বাংলাদেশি। বিএসএফ তাদের কারাগারে না পাঠিয়ে বিজিবির কাছে হস্তান্তর করে।
 
পুলিশ জানিয়েছে, আটক হওয়াদের মধ্যে আট নারী, ১৭ পুরুষ ও চার শিশু রয়েছে। তাদের এ মুহূর্তে বেনাপোল পোর্ট থানায় রাখা হয়েছে। 
 
ভালো কাজের প্রলোভন দেখিয়ে দালালচক্র তাঁদের সীমান্ত পথে পাচার করে ভারতে নিয়ে যায় বলে জানায় আইনশৃঙ্খলা বাহিনী।
 
বেনাপোল পোর্ট থানা পুলিশের এসআই আশরাফ হোসেন জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রবিবার দুপুরে তাদের যশোর আদালতে পাঠানো হচ্ছে।