যেভাবে দূর করবেন ঘরের দুর্গন্ধ

অনেক সময় ঘরে ফেলে রেখে দেয়া জামাকাপড় থেকে আসে দুর্গন্ধ। আবার কখনও রান্নাঘর থেকে ভেসে আসা দুর্গন্ধময় বাতাস আপনার ঘরে প্রবেশ করে আর সেই সঙ্গে আপনাকে বিরক্তি এবং বিব্রতকর অবস্থায় ফেলে দেয়। বাড়িতে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে কী করবেন? দেখে নিন বিভিন্ন ধরণের দুর্গন্ধ দূর করার উপায়গুলো।
 
১) কোনো বিশেষ কারণ ছাড়াই ঘরে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে? নিজেই তৈরি করে নিতে পারেন এয়ারফ্রেশনার স্প্রে। তিন ভাগ পানি, এক ভাগ রাবিং স্পিরিট আর ১০-২০ ফোঁটা নিজের পছন্দের এসেনশিয়াল অয়েল দিয়ে তৈরি করে নিন স্প্রে। এটা বাথরুম, বেডরুম বা ঘরের যে কোনো জায়গায় ব্যবহার করতে পারেন। এছাড়াও দেখে নিতে পারেন প্রাকৃতিক এই এয়ার ফ্রেশনারগুলো তৈরির পদ্ধতি।
২) বারান্দায় বা ঘরের বাইরে গিয়ে ধূমপান করলেও সেই গন্ধটা ঘরের ভেতরেই চলে আসতে পারে। এর জন্য একটি ট্রিক ব্যবহার করা যেতে পারে। একটি ছোট তোয়ালে সাদা ভিনেগারে ভিজিয়ে নিন। চিপে নিন এবং এটি হাতে নিয়ে ঘুরাতে ঘুরাতে ঘরে হেঁটে আসুন, মশা তাড়াতে যেমনটা করা হয়। এটি সহজেই ধূমপানের গন্ধ দূর করবে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে।
৩) যতই পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন না কেন, বাথরুমের দুর্গন্ধ হতেই পারে। এর জন্য দারুণ কাজে আসতে পারে বেকিং সোডা। বেকিং সোডা ব্যবহার করে তৈরি করে ফেলুন একটা শুকনো এয়ার ফ্রেশনারের কৌটা। এর জন্য দরকার হবে শুধুমাত্র একটি কৌটা, বেকিং সোডা, নিজের পছন্দের এসেনশিয়াল অয়েল এবং ফয়েল পেপার। এবার এই কৌটাটি বাথরুমে রেখে দিলে তা সব দুর্গন্ধ শুষে নেবে। কমোডের দুর্গন্ধ দূর করতে এক কাপ ভিনেগার ঢেলে দিন এতে, পাঁচ মিনিট ওভাবেই থাকতে দিন। এরপর ফ্লাশ করে দিন।
৪) রান্নাঘরের সিঙ্কে কখনোই ফেলবেন না তরিতরকারির খোসা, বিশেষ করে আলু বা পিঁয়াজের খোসা। এগুলো ভীষণ বাজে দুর্গন্ধ তৈরি করতে পারে। রান্নাঘরে রাখা ময়লার ঝুড়ি থেকেও ভীষণ গন্ধ হতে পারে। কুসুম গরম পানি এবং সাদা ভিনেগারের একটি মিশ্রণ দিয়ে এটাকে ধুয়ে ফেলুন, গন্ধ চলে যাবে একদম। যদি ময়লার ঝুড়িতে গন্ধ হয়েছে অথচ এখনই তা খালি করতে পারছেন না- এমন অবস্থা হয়, তাহলে এর ওপরে কিছু কফি গুঁড়ো দিয়ে দিন, কিছুটা কমে যাবে গন্ধ।
৫) বাইরে থেকে এলে কাপড়ে ঘামের দুর্গন্ধ হতেই পারে। এছাড়া ব্যায়াম করলেও ঘেমে কাপড়ে গন্ধ হয়ে যেতে পারে। কাপড় কাচার সোডা কিছুটা ব্যবহার করতে পারেন ধোয়ার সময়। এটা কাপড় থেকে ঘামের গন্ধ দূর করে দেবে।
৬) বাতাসে থাকা রোগজীবাণু এবং ব্যাকটেরিয়া দূর করার জন্য ভিনেগার খুবই কার্যকর। একটি খালি স্প্রে বোতল নিয়ে এর চার ভাগ পরিমাণ পানির সঙ্গে এক ভাগ সাদা ভিনেগার মিশিয়ে খুব সহজেই এয়ার ফ্রেশনার তৈরি করে যে কোনো ঘরে স্প্রে করা যায়। রন্ধন গন্ধ দূর করার জন্য রান্নাঘরে একটি ভিনেগারের বাটি রাখতে পারেন। আপনি চাইলে এতে লেবু অথবা কমলার খোসা যোগ করতে পারেন। কিন্তু দিন শেষে অবশ্যই সেটি ফেলে দিবেন। ফেলে দিতে ভুল করবেন না।
৭) পুরনো বেকিং সোডা যে কোনো দুর্গন্ধ লড়াইয়ে খুবই কার্যকরী। কাপড়, কার্পেট, গৃহসজ্জার সামগ্রী থেকে দুর্গন্ধ দূর করতে হলে ওইসব অংশে কিছুটা বেকিং সোডা ছিটিয়ে রাতভর রেখে দিন। পরদিন সকালে পরিষ্কার করে ফেলুন। এভাবে আপনি চাইলে আপনার জুতা, মোজা, পরনের কাপড় থেকেও দুর্গন্ধ দূর করে ফেলতে পারেন।
৮) রান্নাঘর থেকে দুর্গন্ধ দূর করার জন্য এটি উত্তম উপায় সেঁকা পদ্ধতি। শুধুমাত্র দুটি লেবু কাটুন এবং সেগুলোকে একটি চুলার উপর এক ঘণ্টা বা তার বেশি সময় ধরে সেঁকেন। কিছুক্ষণের মধ্যেই শীতল গন্ধ সারা ঘর ছড়িয়ে যাবে।
৯) রান্না ঘরের অল্প কিছু উপাদান দিয়েই আপনি এয়ার ফ্রেশনার তৈরি করতে পারেন। কিছু মসলা যেমন মৌরি, জায়ফল, দারুচিনি লাঠি, লবঙ্গের সঙ্গে লেবুর খোসা এবং কমলার খোসা পানিতে মিশিয়ে এক ঘণ্টার মত ফোটাতে হবে। যখন পানি ফুটতে শুরু করবে তখন সেই বাষ্প রান্না ঘরের বাতাসে মিশে সুবাস তৈরি করবে। তরল মিশ্রণটি ঠাণ্ডা হয়ে গেলে সেটি একটি স্প্রে বোতলে সংরক্ষণ করে পরবর্তীতে প্রয়োজন মতো ব্যবহার করা যাবে।