বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ছালামি পাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই ইছহাক আহমেদের (৬৫) মৃত্যু হয়েছে। রবিবার সকালে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, জমি সংক্রান্ত বিষয়ে একই পরিবারের চার ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। তার সূত্র ধরে সকালে ছোট ভাই হোছেন এবং বড় ভাই ইছহাকের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হোছেন ছুরি দিয়ে গলায় আঘাত করলে ইছাহক গুরুত্বর আহত হন। এসময় খবর পেয়ে প্রতিবেশীরা তাকে মুমূর্ষু অবস্থায় নাইক্ষ্যংছড়ি স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করায়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে দায়িত্বরত চিকিৎসক তাকে কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করেন। পরে তার মৃত্যু হয়।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে ছোট ভাই হোছেন আহমদ ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।