রাজশাহীর পবা উপজেলার বড়গাছী সাকোপাড়া গ্রাম থেকে ১৬০ কেজি (৬ বস্তা ও ১ ড্রাম) গাঁজা উদ্ধার করেছে পুলিশ। যার আনুমানিক মূল্য ১৬ লক্ষ টাকা। শনিবার দিবাগত গভীর রাত থেকে রবিবার সকাল পর্যন্ত ওই গ্রামের কয়েকটি বাড়িতে অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করা হয়।
এ ব্যাপারে মাদক আইনে ৪টি মামলা হয়েছে বলে জানিয়েছেন পবা থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের সিনিয়র এএসপি সদর সার্কেল আব্দুর রশিদ, ওসি তদন্ত আ. রাজ্জাক, এসআই মিজান, সেকেন্দার, আরিফসহ পবা পুলিশের একটি দল শনিবার দিবাগত রাতে সবসার সাকোপাড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মাদক ব্যবসায়ী আইনাল (৩৫) এর বাড়িতে অভিযান চালিয়ে ২ বস্তা (৪৭ কেজি) গাঁজা উদ্ধার করে।
এদিকে আসামি আইনাল পলাতক থাকায় রবিবার সকালে আবারও তার বাড়িতে অভিযান চালানোর সময় তার শয়ন কক্ষে ড্রামে ভর্তি আরও ১৫ কেজি গাঁজা উদ্ধার করে। পরে পার্শ্ববর্তী মাইনুল হকের পরিত্যাক্ত বাড়ির টিনের চালের উপর থেকে পরিত্যাক্ত অবস্থায় ৪ বস্তা (৯৬ কেজি), নওশাদ ও নসিওত এর বাড়ি থেকে আরও ১ কেজি করে গাজাঁ উদ্ধার করে।
পুলিশের সিনিয়র এএসপি সদর সার্কেল আব্দুর রশিদ জানান, আসামি আইনাল দীর্ঘদিন যাবৎ গাঁজা আমদানি করে বিভিন্ন এলাকার ব্যবসায়ীদের কাছে সরবারোহ করে আসছিলেন।