গাইবান্ধায় কোদালের আঘাতে মাটিকাটা শ্রমিক নিহত

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় কোদালের আঘাতে এক মাটিকাটা শ্রমিক নিহত হয়েছেন। নিহত মোমিনুল ইসলাম (৪৫) উপজেলার ইদিলপুর ইউনিয়নের তরফ পাহাড়ী গ্রামের কাজিম উদ্দিনের ছেলে।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার দুপুরে উপজেলার ঢোলভাংগা (পাইকা) এলাকার সুজা মিয়ার এনএ বিক্সস ইটভাটায় মাটি কাটার কাজ করছিলেন মোমিনুল। দুর্ঘটনাবশত মোমিনুল ইসলামের কোদালটি বাঁশের হাতা থেকে খুলে গিয়ে তার মাথার উপরে পড়ে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
 
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ ইমরুল কায়েস তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলা হয়েছে।