মেহেরপুরের গাংনী উপজেলার কল্যাণপুর গ্রামে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে সুফিয়া আক্তার নামের এক গৃহবধূ নিখোঁজ হয়েছেন। রবিবার বেলা ১২ টার দিকে গৃহবধূ তুনি হোসেনের পুকুরে গোসল করতে গিয়ে নিখোঁজ হন। সুফিয়া আক্তার কল্যাণপুর জোয়ার্দ্দার পাড়া এলাকার আফেল উদ্দীনের স্ত্রী।
নিখোঁজ সুফিয়া আক্তারের মেয়ে সোনাভানু বলেন, 'আমার মা বাড়ির কাজ সেরে পার্শ্ববর্তী তুনি হোসেনের পুকুরে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়েছেন। পুকুর পাড় থেকে মায়ের রেখে যাওয়া একটি শাড়ি উদ্ধার হয়েছে।'
নিখোঁজ হওয়ার পর থেকেই গ্রামবাসী খুঁজতে থাকে। এলাকাবাসি জাল ফেলে খোঁজার পাশাপাশি মেহেরপুর ফাঁয়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি দল পুকুরে নেমে খোঁজাখুজি করে ব্যর্থ হন।
ফায়ার সার্ভিসের পরিদর্শক সেলিম রেজা জানান, পুকুর মালিক ড্রেজার দিয়ে পুকুরটিতে বালু তোলার ফলে ১০-১৫ ফুট গভীর হয়েছে।
ধারণা করা হচ্ছে, পানির অনেক নিচে যাওয়ায় সন্ধান মেলানো যাচ্ছে না। যার কারণে ফায়ার সার্ভিসের খুলনার ডুবুরি দলকে খবর দেয়া হয়েছে।
সোমবার সকাল ৯টার সময় খুলনা থেকে ফাঁয়ার সার্ভিসের একটি ডুবুরি দল পুুকুরে নেমে খোঁজ করবেন বলে জানিয়েছেন মেহেরপুর ফায়ার সার্ভিসের উপ-পরিদর্শক সেলিম রেজা।