বাল্য বিয়ে করার অপরাধে মারুফ হোসেন (২৫) নামের এক যুবকের ২৫ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত মান্নান এ দণ্ড প্রদান করেন। সোমবার সকালে তাকে মেহেরপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
দণ্ডিত মারুফ হোসেন গাংনী শহরের মতিয়ার স্টোরের স্বত্তাধিকারী মতিয়ার রহমানের ছেলে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত মান্নান জানান, দণ্ডিত মারুফ হোসেন মেহেরপুর সদর উপজেলার রাজাপুর গ্রামের সপ্তম শ্রেণির ছাত্রী জেরিনা খাতুনকে শুক্রবার গোপনে বিয়ে করে। বিষয়টি অবগত হয়ে মারুফের বাবা মতিয়ারকে আটক করে ছেলেকে হাজির করতে বলা হয়। এক ঘণ্টা পর ছেলে মারুফ হোসেন হাজির হলে বাল্য বিবাহ নিরোধ আইনে তাকে ২৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকরাম হোসেন জানান, দণ্ডিত মারুফকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।