সিলেটে ছাত্রলীগের দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া, দোকান ভাঙচুর

সিলেট জেলা ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সোমবার দুপুরে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় নগরীর রিকাবিবাজারে তিনটি দোকান ভাংচুর করা হয়।
 
জানা গেছে, ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার দুপুর ২টার দিকে মিছিল বের করে জেলা ছাত্রলীগের একটি গ্রুপ। মিছিলটি রিকাবিবাজার পৌঁছালে বিদ্রোহী গ্রুপের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় রিকাবিবাজারে এসএম ট্রেডার্স, বাংলা ফার্মেসি, অজন্তা টেইলার্স নামে তিনটি প্রতিষ্ঠান ভাংচুর করে ছাত্রলীগের নেতা-কর্মীরা। হামলায় এক দোকান কর্মচারী আহত হন।
 
এদিকে দোকানে হামলার প্রতিবাদে ব্যবসায়ীরা সড়ক অবরোধ করেন। পরে পুলিশের আশ্বাসে তারা অবরোধ তুলে নেন।
 
সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুহেল আহমদ ধাওয়া-পাল্টাধাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।