ঘাটাইলে প্রতিষ্ঠাবার্ষিকী পালন নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের মারামারি, আহত ২

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা ছাত্রলীগের দুই গ্রুপের প্রতিষ্ঠাবার্ষির্কী পালনকে কেন্দ্র করে মারামারিতে দুই কাউন্সিলর প্রার্থী আহত হয়েছেন। এরা হলেন, ঘাটাইল পৌরসভার-৪ নং কাউন্সিলর মো. মনসুর আহমেদ (৩০) ও ৭ নং ওয়ার্ডের শেখ মো. কবির আহম্মেদ।
 
সোমবার সন্ধ্যায় উপজেলার জনতা সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে। প্রসঙ্গত, ঘাটাইল উপজেলা ছাত্রলীগ দুই ভাগে বিভক্ত। একটি গ্রুপের নের্তৃত্ব দিচ্ছেন টাঙ্গাইল-৩ ঘাটাইল আসনের সংসদ সদস্য মো. আমানুর রহমান খান রানা এবং অপর গ্রুপের নের্তৃত্বে রয়েছেন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক শহীদুল ইসলাম (লেবু)। দুই গ্রুপ পৃথকভাবে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীপালন করে।
 
জানা গেছে, সংসদ সদস্য রানার গ্রুপের কর্মী-সমর্থকরা ঘরোয়াভাবে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে এবং তা ফেসবুকে প্রচার করে। অপরদিকে লেবু গ্রুপের ছাত্রলীগের কর্মী-সমর্থকরা ব্যাপকভাবে দিনটি পালন করে।
রানা গ্রুপ ঘরোয়াভাবে দিনটি পালন করলেও ফেসবুকে স্থানীয়ভাবে তা আলোড়ন সৃষ্টি করে। এতে লেবু গ্রুপের কর্মী-সমর্থকরা মনস্তাত্ত্বিকভাবে ঈর্ষান্বিত হয়্। এরই জেরে এ মারপিটের ঘটনা ঘটে।