নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বাগবাড়ি এলাকায় একটি কারখানায় চীনের ৫ নাগরিককে পিটিয়েছে ওই কারখানার প্রহরীসহ অন্যরা। আহত ৫জনকে প্রথমে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ঢাকার একটি বেসরকারী হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ এ ঘটনায় একজনকে আটক করেছে।
আহতরা হলেন - লি জিং মিং, ওয়ান হু কং, লিয়াও জং, চুং ইয়াং কং ও ইয়ান উই অং। তাদের বয়স ৩০ হতে ৫০ এর মধ্যে।
সোমবার সন্ধ্যা ৬টায় উপজেলার সাতগ্রাম ইউনিয়নের বাগবাড়ি ‘আর এম’নামের একটি স্টিল মিলে ওই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাগবাড়ি এলাকাতে রোকনউদ্দিন মোল্লার মালিকানাধীন স্পিনিং কারখানার একটি ইউনিট ভাড়া নিয়ে ব্যাবসা করে “আর এম স্টিল মিল”। সেখানে চীনা নাগরিকেরা এলে প্রহরী রফিক মিয়ার সঙ্গে চীনাদের কথা কাটাকাটি হয়।
তাৎক্ষণিকভাবে ব্যপারটির সুরাহা হলেও পরে সন্ধ্যা ৬টায় রফিকসহ আরো কয়েকজন প্রহরী মিলে চীনা ৫ নাগরিককে বেধড়ক মারধর করে।
আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. হাবিব ইসমাইল জানান, আহতদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর। তাদেরকে ঢাকার অ্যাপোলো হাসপাতালে পাঠানো হয়েছে ।
আড়াইহাজার থানার ওসি সাখাওয়াত হোসেন জানান, তুচ্ছ ঘটনার জের ধরে ৫ বিদেশীকে পিটিয়েছে কারখানার প্রহরীরা। এ ঘটনায় রাত ৯টায় প্রহরী রফিক মিয়াকে আটক করা হয়েছে।
রফিক (২৫) নরসিংদী জেলার দিঘিরপাড় এলাকার জিন্নত আলীর ছেলে। এই রিপোট লেখা পর্যন্ত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।