সোমবার ভোরে দেশব্যাপী মৃদু ভূমিকম্পে শেষ খবর পাওয়া পর্যন্ত ৫ জন নিহতসহ বহু মানুষ আহত হয়েছে। হতভাগ্য ৫ জনের একজন আতিকুর রহমান রুবেলের (২২) বাড়ি কুষ্টিয়া মিরপুরে। সে উপজেলার বারুইপাড়া ইউনিয়নের গৌড়দহ গ্রামের মইনুদ্দিনের একমাত্র পুত্র। রুবেল ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ম্যানেজমেন্ট শেষ বর্ষের ছাত্র ছিল।
পরিবার সুত্রে জানা যায়, ভুমিকম্পের সময় রুবেল ঢাকার ৯৫৬ পূর্ব জুরাইন নবীনবাগের একটি ভবনে ঘুমিয়ে ছিল। ভুমিকম্প শুরু হলে রুবেল বিল্ডিংয়ে থাকা অন্য বাসিন্দাদের সঙ্গে হুড়োহুড়ি করে নীচে নেমে আসে।
নীচে আসার পর রুবেলের হৃদযন্ত্র বন্ধ হয়ে গেলে এলাকাবাসী তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রুবেল ওই ভবনে মেস ভাড়া নিয়ে পড়ালেখা করতো। সোমবার বাদ মাগরীব গ্রামের বাড়ীতে নামাজে জানাজা শেষে রুবেলের দাফন সম্পন্ন হয়েছে।
উল্লেখ্য দারিদ্রের সঙ্গে লড়াই করে বেড়ে ওঠা রুবেলের স্বপ্ন ছিল পড়ালেখা শেষ করে চাকরী করবে। আর চাকরীতে পাওয়া অর্থ দিয়ে দীর্ঘদিন যাবৎ ক্যান্সারে আক্রান্ত তাঁর মমতাময়ী মায়ের চিকিৎসা করাবে।