চুয়াডাঙ্গার জীবননগরে বোমা হামলার ঘটনায় আহত আরও একজনের মৃত্যু হয়েছে। এতে জড়িত সন্দেহে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
সোমবার রাত সাড়ে ১১টার দিকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাহবুদ্দিন (৫৫) নামে আহত এক ব্যক্তির মৃত্যু হয়।
জীবননগর থানার ওসি হুমায়ুন কবির জানান, নিহত শাহবুদ্দিন উপজেলার গঙ্গাদাসপুর গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে। সোমবার সন্ধ্যায় গঙ্গাদাসপুর গ্রামে বোমা হামলায় তিনি আহত হন। ঘটনাস্থলেই মোহাম্মদ আলী নামে আরেকজন নিহত হয়েছিলেন।
হামলার ঘটনায় ওই গ্রামের মালেক মোল্লার ছেলে রেজাউল গোলদারকে গ্রেফতার করেছে পুলিশ।
শাহবুদ্দিনের স্ত্রী মালেকা বেগম (৫০) ও মোমিনুল হোসেন নামে আরেক যুবক হামলার ঘটনায় আহত হন। তারা যশোর মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন।
জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গ্রামের একটি চায়ের দোকানে বসে ছিলেন মোহাম্মদ আলীসহ কয়েকজন লোক। এ সময় হামলাকারীরা সেখানে ৩/৪টি বোমা ছুড়ে মারে।
পুলিশ এ ব্যাপারে এখনও নিশ্চিত নয়। তবে জমি নিয়ে বিরোধের জেরে এ হামলা হয়েছে বলে স্থানীয়দের ধারণা।