বাগেরহাটের মংলায় কার্গো জাহাজের ধাক্কায় একটি ট্রলার ডুবে গেছে। এতে ট্রলারে থাকা মাঝিসহ দুইজন আহত হয়েছেন। সোমবার রাত ১০টার দিকে নদীর খেয়াঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- ট্রলারের মাঝি শহীদুল আকন ও যাত্রী সজীব হাওলাদার। আহতদের মংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মংলা থানার ওসি শেখ লুত্ফর রহমান জানান, রামপাল থেকে খুলনার পথে ছেড়ে আসা এমভি রূপসা নামের কার্গো জাহাজটি নদী পারাপারের একটি ট্রলারকে ধাক্কা দেয়। এতে ট্রলারে থাকা ২২ আরোহীসহ ট্রলারটি ডুবে যায়। তবে যাত্রীরা নিরাপদে তীরে উঠে আসতে পেরেছে। ট্রলারের মাঝিসহ দুইজন আহত হয়েছেন।
তিনি আরো জানান, স্থানীয়দের সহায়তায় রাতেই ট্রলারটি উদ্ধার করা হয়েছে। কার্গো জাহাজটিও আটক করা হলেও চালক পালিয়ে গেছে।