বর্ষসেরা প্লে-মেকার লিওনেল মেসি, কোচ এনরিকে

ফিফা বর্ষসেরা পুরস্কার ঘোষণার আগে আরো একবার সম্মানিত হলেন লিওনেল মেসি। আইএফএফএইচএস-র জরিপে বর্ষসেরা প্লে-মেকারের পুরস্কার জিতেছেন তিনি।
 
এছাড়া বর্ষসেরা কোচের পুরস্কারটিও জিতেছেন বার্সা কোচ লুইস এনরিকে। ফুটবলের ইতিহাস ও পরিসংখ্যান বিষয়ক এই ফেডারেশনের পুরস্কার জেতায় বরাবরের মতোই এগিয়ে বার্সেলোনা খেলোয়াড়রা। ২০০৮-১১ পর্যন্ত জিতেছেন জাভি এবং এর পরের দুই বছর ইনিয়েস্তা। গত বছর রিয়াল মাদ্রিদের জার্মান মিডফিল্ডার বার্সার আধিপত্যের অবসান ঘটান। কিন্তু এই মৌসুমে বার্সেলোনাকে পাঁচটি শিরোপা জেতাতে প্রধান ভূমিকা রাখা লিওনেল মেসি আবার সেই খেতাব বার্সেলোনায় ফিরিয়ে এনেছেন। ৫০ টি দেশের মধ্যে পরিচালিত জরিপে মেসি পেয়েছেন ১৬৯ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা মেসি সতীর্থ ইনিয়েস্তা পেয়েছেন ৯১ পয়েন্ট। তিন নম্বরে রয়েছেন বর্তমানে আন্দ্রেয়া পিরলো।
 
এদিকে বার্সাকে পাঁচ শিরোপা জেতানো কোচ লুইস এনরিকে ১৬৫ পয়েন্ট পেয়ে শীর্ষস্থান দখল করেছেন। বায়ার্ন মিউনিখ কোচ পেপ গার্দিওলা পেয়েছেন ৮৬ পয়েন্ট। জুভেন্টাস কোচ অ্যালেগ্রি ৪৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন।