নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বাগবাড়ি এলাকায় একটি কারখানায় চীনের পাঁচ নাগরিককে মারধরের ঘটনায় পুলিশ আরো একজনকে গ্রেফতার করেছে। মঙ্গলবার সকালে বাগবাড়ী এলাকা থেকে মাইনুদ্দিনকে (৪০) নামের ঐ ব্যক্তিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাইনুদ্দিন মিলমালিক মৃত রোকন উদ্দিন মোল্লার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাগবাড়ি এলাকাতে রোকনউদ্দিন মোল্লার মালিকানাধীন স্পিনিং কারখানার একটি ইউনিট ভাড়া নিয়ে সেখানে ব্যবসা করছেন চীনারা। সোমবার সন্ধ্যা ছয়টায় গার্ড রফিক এর সাথে বাকবিতন্ডার এক পর্যায়ে কয়েকজন প্রহরী মিলে পাঁচ চীনা নাগরিককে মারধর করেন। পরে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। কর্তব্যলত চিকিত্সক তাদের ঢাকা পাঠান।
এই ঘটনায় পুলিশের এস আই সেলিম বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ১৪ জনের নাম উল্লেখ করে এবং আরো ১০ /১২ জন অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
প্রসঙ্গত, এর আগে পুলিশ রফিক নামে একজনকে আটক করা হয়েছিল।
ওসি জানান, বাকি আসামিদের গ্রেফতারের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে।