লেগ স্পিনার ইয়াসির শাহ’র সাময়িক নিষেধাজ্ঞার বিপক্ষে আপীল করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ইংল্যান্ডের বিপক্ষে নভেম্বরে ডোপ টেস্টে ধরা পড়ায় ইয়াসিরের ওপর নিষেধাজ্ঞা আরোপা করেছিল আইসিসি।
পিসিবি জানিয়েছে ইয়াসিরের দেহে প্রথম নমুনায় নিষিদ্ধ ঔষুধের উপস্থিতি ধরা পড়ায় আইসিসিকে আর দ্বিতীয় নমুনা পরীক্ষার জন্য পিসিবি আবেদন জানাবে না। তবে পিসিবি’র আইন ও মেডিকেল বিষেশজ্ঞদের পরামর্শ অনুযায়ী ইয়াসিরের শাস্তির বিপক্ষে আপিলের সিদ্ধান্ত নেয়া হয়েছে। আইসিসির কাছে শক্তিশালী প্রমান হিসেবে পিসিবি আপিলে জানাবে ইয়াসির উচ্চ রক্ত চাপ নিয়ন্ত্রনের জন্য যে ঔষুধ গ্রহণ করেছিল সেটা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী করেছিল। সেটা যে পারফরমেন্সের ওপর কোন প্রভাব ফেলবে সেটা তাদের জানা ছিল না।
পিসিবি সূত্র আরো নিশ্চিত করেছে আইসিসি’র এন্টি ডোপিং কমিটির সাথে বিষয়টি নিয়ে আলোচনার জন্য খুব শিগগিরই পিসিবি আইন ও মেডিকেল দল পাঠাবে। সেখানেই যতটা সম্ভব নিষেধাজ্ঞার মাত্রা কমানোর জন্য অনুরোধ জানানো হবে। পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠী জানিয়েছেন বোর্ড ইয়াসিরের পক্ষেই রয়েছে। এক্ষেত্রে পিসিবির পক্ষ থেকে যা করা সম্ভব তারা সেটা করবে। বাসস।