রাজধানীর হাতিরঝিল থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, তিনি নিজেই সেতু থেকে জলাশয়ে ঝাঁপ দিয়েছিলেন।
নিহত মাহমুদুল হাসান (৩৫) বেসরকারি টেলিভিশন এটিএন নিউজের অভ্যর্থনা বিভাগের কর্মচারী ছিলেন। তার আত্মহত্যার কোনো কারণ জানা যায়নি। মঙ্গলবার দুপুরে ঝিলের নিচ থেকে হাসানের মরদেহ তুলে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা।
বাহিনীর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা ভজন চন্দ্র সরকার বলেন, ‘এক যুবক ব্রিজ থেকে লাফিয়ে পড়েন বলে খবর পাওয়ার পর গিয়ে দমকলকর্মীরা পানির নিচ থেকে মরদেহ উদ্ধার করে।’
উদ্ধারের পর হাসানের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে নিয়ে যায় পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বেলা আড়াইটার দিকে সেতুর উপর থেকে লাফিয়ে পড়েন হাসান। তা দেখে লোকজন দমকল বাহিনীকে খবর দেয়। পৌনে চারটার দিকে ডুবুরিরা লাশ তুলে আনে।
রমনা থানার ওসি মশিউর রহমান বলেন, ‘প্রত্যক্ষদর্শীরা বলছেন, ওই যুবক আত্মহত্যার উদ্দেশ্যে পানিতে ঝাঁপিয়ে পড়েন। পরে জানা যায় যে সে এটিএন নিউজের কর্মী।’