শাহজালাল বিমানবন্দরে প্রায় ৬ কেজি সোনাসহ আটক ১

 
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ছয় কেজি সোনাসহ এক ব্যক্তিকে আটক করেছেন কাস্টমস হাউসের কর্মকর্তারা। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তাকে আটক করা হয়।
 

ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার শহীদুজ্জামান সরকার বলেন, চট্টগ্রামের বাসিন্দা মো. জসিম উদ্দিন ৫০টি সোনার বার নিয়ে রিজেন্ট এয়ারওয়েজের একটি অভ্যন্তরীণ ফ্লাইটে করে চট্টগ্রাম থেকে ঢাকা এসেছেন। প্রতিটি বারের ওজন প্রায় ১১৬ গ্রাম। সোনার বারগুলো তার জুতার ভেতর এবং শরীরের বিভিন্ন স্থানে লুকানো ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তার শরীর তল্লাশি করে বারগুলো পাওয়া যায়। এই ঘটনায় তাকে আটক করা হয়েছে। সোনার বারগুলোর দাম আনুমানিক তিন কোটি টাকা।