চট্টগ্রামে শিশু ও কিশোরীকে ধর্ষণের দুটি ঘটনায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. রেজাউল করিম মঙ্গলবার দুই মামলায় এই দণ্ডাদেশ দেন।
চান্দগাঁওয়ে শিশু ধর্ষণের ঘটনায় বহদ্দারহাট বারৈপাড়া এলাকার মো. নুরুল আলমকে যাবজ্জীবন কারাদণ্ডের সঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ডও করা হয়েছে।
বাঁশখালীতে এক কিশোরীকে অপহরণের পর ধর্ষণের ঘটনায় মামুনুর রশিদ ও দেলোয়ার হোসেন নামে দুজনকে দুই ধারায় দুইবার করে যাবজ্জীবন এবং দেড় লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।
ট্রাইব্যুনালের পিপি জেসমিন আক্তারবলেন, ২০১০ সালের ২০ অক্টোবর বাঁশখালী উপজেলার বৈলগাঁও ইউনিয়নে ওই কিশোরীকে অপহরণের পর নগরীর একটি হোটেলে এনে ধর্ষণ করা হয়েছিল। ২০১৩ সালের ২৭ অগাস্ট চান্দগাঁও থানার বারৈপাড়া এলাকায় প্রতিবেশীর ছয় বছরের শিশুকে ধর্ষণ করেন নুরুল আলম।