সরাইলে এতিমখানা ও মাদরাসায় অগ্নিকাণ্ড

ব্রা‏‏হ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় একটি মাদরাসা ও এতিমখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। এতে একটি টিনসেট ঘর ও আসবাবপত্র পুড়ে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। আহত হয়েছে অন্তত তিন গ্রামবাসী। এলাকাবাসী প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
 
গ্রামবাসী জানায়, সোমবার রাত ১২ টার দিকে উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের বিশুতারা মিফতাউল উলুম মাদরাসা ও এতিমখানায় অগ্নিকাণ্ড ঘটে। আগুনে চার কক্ষের একটি টিনসেট ঘর পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডে ঘরের ভেতরে থাকা ৪০-৪২ টি কোরআন শরীফ, প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের কিতাব, পাঠ্যবই, ড্রেস, কাপড়-চোপড়, লেপ-তোষক, খাট, হাজিরা খাতা, সরকারি কম্বল, সৌরবিদ্যুৎ ও হিসাবের রেকর্ড রেজিস্ট্রারসহ প্রয়োজনীয় সকল আসবাবপত্র পুড়ে যায়।
 
এ সময় এতিমখানার তত্ত্বাবধায়ক মাহমুদুল হাসান (৩৫), বিশুতারা গ্রামের বাসিন্দা আতিক মিয়া (৪২) ও মোতাহার হোসোন (৪০) দগ্ধ হন। তাদেরকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।
 
মাদরাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসান শাহীর অভিযোগ, ‘আগুন লাগার পর থানায় ফোন করেছিলাম। কিন্তু এখন পর্যন্ত পুলিশ বা অন্য কেউ খবর নেয়নি।’
 
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আবুল কালাম মিয়াজী বলেন, ‘অগ্নিকান্ডের কোন ম্যাসেজ পায়নি।’
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাহিদা হাবিবা বলেন, ‘এখনই এ বিষয়ে খোঁজ খবর নিচ্ছি।’