চলতি মৌসুমের শেষে বায়ার্ন মিউনিখের সাথে চুক্তি শেষ হয়ে যাচ্ছে কোচ পেপ গার্দিওলার। আর তারপরই ইংলিশ প্রিমিয়ার লীগে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন ক্লাব ফুটবলের অন্যতম সফল এই কোচ। তবে এখনো কোন ক্লাবের সাথে চুক্তির বিষয়ে চূড়ান্ত কোন আলোচনা হয়নি বলেই তিনি জানিয়েছেন।
বায়ার্নের সাথে তিন বছরের চুক্তি আর না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন গার্দিওলা। এ প্রসঙ্গে তিনি বলেন, আমার বয়স এখনো কম। ৪৪ বছর বয়সে আমি নতুন চ্যালেঞ্জ নিতে চাই। আমি জানি বায়ার্ন আমাকে রেখে দিতে চাই। কিন্তু ক্যারিয়ারের এই সময়ে আমি নতুন চ্যালেঞ্জ নিতে চাই। এটাই মূল কথা, এখানে অন্য কোন বিষয় নেই।
এ প্রসঙ্গে স্প্যানিশ এই কোচ অবশ্য বায়ার্ন ও জার্মান চ্যাম্পিয়ন ক্লাবের সভাপতি কার্ল-হেইঞ্জ রুমেনিগেকে ধন্যবাদ জানিয়েছেন। ২০১৩ সালে ট্রেবল জয়ী দলের কোচ হিসেবে ইয়ুপ হেইঙ্কেসের স্থলাভিষিক্ত হয়েছিলেন গার্দিওলা। তার অধীনে ঐ একই বছর বায়ার্ন ক্লাব বিশ্বকাপ ও ইউয়েফা সুপার কাপের শিরোপা জিতে। ২০১৪ সালে জার্মান লীগ ও কাপ শিরোপার পরে ২০১৫ সালে বুন্দেসলিগার আরেকটি শিরোপা ঘরে তুলে বেভারিয়ান্সরা। বাসস।