বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন বিতরণ কেন্দ্র করে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের সংঘর্ষ ও গাড়ি পোড়ানোর ঘটনায় নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদসহ সংশ্লিষ্টদের বিচার দাবি করেছে দলটি। একই সঙ্গে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার, সংশ্লিষ্ট জোনের উপকমিশনার ও ইসি সচিবালয়ের নির্বাচন ব্যবস্থাপনা শাখা-২ এর যুগ্ম সচিবের শাস্তি দাবি করা হয়েছে। ইসি থেকে পাঠানো আচরণবিধি পালন সংক্রান্ত চিঠির পরই এই ঘটনা ঘটেছে বলে দাবি করা হয়েছে।
গতকাল মঙ্গলবার আগারগাঁওস্থ নির্বাচন ভবনে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলালের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এ চিঠি ইসিতে দিয়ে আসে। অপর এক চিঠিতে বিএনপি জানিয়েছে, দলটির কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়নপত্র বিতরণের সময়ে ড্রোন উড়িয়ে নেতাকর্মীদের মধ্যে ভীতি সঞ্চার করা হয়েছে।
ইসি সচিবের বিরুদ্ধে বিএনপির অভিযোগ নিয়ে হেলালুদ্দীন জানান, সচিব ইসির মুখপাত্র। ইসি সচিবের আলাদা সত্তা নেই। কমিশনই সব সিদ্ধান্ত নেয়; সচিব তা বাস্তবায়ন করে ও সাচিবিক দায়িত্ব পালন করে।
এদিকে বিএনপির চিঠিতে উল্লেখ করা হয়, নির্বাচন কমিশন তড়িঘড়ি করে ৮ নভেম্বর তফসিল ঘোষণার পরের দিন থেকে ক্ষমতাসীন আওয়ামী লীগ রাস্তা বন্ধ করে যানজট সৃষ্টি করে মনোনয়নপত্র বিতরণ করে। মনোনয়ন প্রত্যাশীরা ঢাকা ঢোল পিটিয়ে মোটরসাইকেল, গাড়ি, পিকআপসহ বিভিন্ন স্থান থেকে ধানমন্ডি যায় এবং রাস্তাঘাট বন্ধ করে মনোনয়ন সংগ্রহ করে। এছাড়া নিজেদের প্রার্থীদের মধ্যে সংঘর্ষে দুইজন নিহত হয়।