সোনা মসজিদে সিএন্ডএফ এজেন্টদের কর্মবিরতি অব্যাহত

 
চাঁপাই নবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে সহকারী কমিশনার (কাস্টমস) কর্তৃক সিএন্ডএফ এজেন্টে এসোসিয়েশনের সভাপতিসহ কয়েকজনকে অপমান ও অহেতুক হয়রানী বন্ধের দাবিতে সোনামসজিদ স্থল বন্দরে সকল প্রকার আমদানি-রফতানি বন্ধ রয়েছে।
 
মঙ্গলবার বিকাল থেকে বুধবার দুপুর ২টা পর্যন্ত ভারতের মহদিপুর স্থলবন্দর দিয়ে কোন ধরণের পণ্যবাহী ট্রাক প্রবেশ করেনি। ভারতের মহদিপুর স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শ্রী ভূপতি মন্ডল জানান, বাংলাদেশের সোনা মসজিদ স্থলবন্দরের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে গাড়ি প্রবেশ বন্ধ থাকায় মহদিপুর স্থলবন্দরে ফল-পেঁয়াজসহ বিভিন্ন প্রকার পন্যবাহী প্রায় দুই হাজার ট্রাক আটকা পড়েছে।
 
অন্যদিকে সোনা মসজিদ স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিউর রহমান টানু জানান, মোবাইলে কোন তথ্য দিতে পারবো না। ঘটনাস্থলে এসে তথ্য নিয়ে যেতে হবে। তবে এসোসিয়েশনের সদস্য  সোহেল  উদ্দিন  আহমদ পলাশ জানান বন্দরের কার্যক্রম বন্ধ আছে।
 
তিনি আরো জানান বিকাল তিনটার দিকে সহকারী কমিশনার (কাস্টমস)'র সঙ্গে বসে আলাপ আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে। এ ব্যাপারে সহকারী কমিশনার(কাস্টমস) মোহা. ফকরুল আমিন চৌধূরী জানান সকাল থেকে বন্দরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে এবং বিকালে এসোসিয়েশনের সঙ্গে আলোচনা বসবো।