‘টাকার জন্য ৩ শিশুকে পুড়িয়ে হত্যা করা হয়’

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কবিরপুরে পুড়িয়ে ৩ শিশু হত্যার রহস্য ধীরে ধীরে উন্মোচিত হচ্ছে। টাকার জন্য চাচা ইকবাল তার দুই ভাতিজা শাফিন ও আমিন এবং ভাগ্নে মাহিনকে পুড়িয়ে হত্যা করে। 
 
মামলার তদন্ত কর্মকর্তা শৈলকুপা থানার এসআই এমদাদ হোসেন বলেন, মঙ্গলবার ঝিনাইদহের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল মতিনের আদালতে ১৬৪ ধারায়  স্বীকারোক্তিমূলক জবাববন্দিতে ইকবাল হোসেন বলেছে, ‘তিনি ২০০৭ সালে সিঙ্গাপুর যান। ২০১৫ সালের আগস্টে বাড়ি ফিরে আসেন। বিদেশে থাকা অবস্থায় তিনি ৩৯ লাখ টাকা বাবা গেলাম নবীর কাছে পাঠান। বাবা তাকে টাকা দেয় না। ভাই দেওয়ার হোসেন ও বাবা তাকে অবহেলা করতে থাকে। ঘটনার দিন ভাতিজা শাফিন ও আমিন এবং ভাগ্নে মাহিনকে তার ঘরে ডেকে নেয়। এরপর তাদের হাত পা বেঁধে সিলিন্ডারের গ্যাস খুলে দিয়ে আগুন ধরিয়ে দিয়ে ঘরের দরজা বন্ধ করে দেয়। পালানোর জন্য বাড়ির ছাদে উঠে। এলাকার লোকজন তাকে ধরে পুলিশে দেয়। পরে জানতে পারেন- দুই ভাতিজা ও ভাগ্নে পুড়ে মারা গেছে। 
 
মামলার বাদী দেলওয়ার হোসেন বলেন, ঘরের মধ্যে ধূয়া দেখে ইকবালকে শিশুদের ছেড়ে দেয়ার জন্য বলা হয়। কিন্তু সে রাজী হয়নি। গেটে ও রুমে দরজায় তালা দেয়া ছিল। তালা ভেঙ্গে ঘুরে ঢুকে দেখা যায়, শাফিন ও আমিন পুড়ে অঙ্গার হয়ে গেছে। মাহিন জীবিত ছিল।