নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন করা হবে নাটোরে : পলক

 
'নাটোরে নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন করা হবে' বলে মন্তব্য করে তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, নিরাপত্তা রক্ষায় শহরের গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে। এ জন্য কীভাবে একটি তহবিল গঠন করা যায় সে বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন তিনি।
 
বুধবার সকালে নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মাসিক জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 
সভায় সাব রেজিস্ট্রি অফিসগুলোতে জমি রেজিস্ট্রির ক্ষেত্রে সরকার নির্ধারিত ফি এর চেয়ে বেশি ফি আদায় বন্ধ, দুর্ঘটনা রোধে বিলবোর্ড অপসারণ, হাসপাতালগুলোতে দালালদের দৌরাত্ম বন্ধ এবং পাটজাত পণ্য ব্যতিরেকে পলিথিন ব্যবহার বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাসহ পুলিশ বিভাগকে আরো কার্যকর ভূমিকা পালনের জন্য সিদ্ধান্ত গৃহিত হয়।
 
জেলা প্রশাসক মশিউর রহমানের সভাপতিত্বে আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস, নাটোর সদর আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল।
 
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নাটোরের পুলিশ সুপার শ্যামল কুমার মুখার্জী, সিংড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, নাটোর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, বনপড়া পৌরসভার মেয়র জাকির হোসেন, নাটোর প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম রেজা, নাটোর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সৈয়দ মোর্ত্তজা আলী বাবলু প্রমুখ।