শরণখোলায় বই বিতরণে টাকা নেয়ায় শিক্ষক বরখাস্ত

সরকারের বিনামূল্যে পাঠ্যবই বিতরণের সময় শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেয়ার অভিযোগে বাগেরহাটের শরণখোলায় উপজেলার বাধাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জসিমা আক্তারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 
 
অভিযোগের প্রেক্ষিতে উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তার তদন্ত প্রতিবেদন পেয়ে বুধবার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অশোক কুমার সমাদ্দার এ ব্যবস্থা গ্রহণ করেন। একই সঙ্গে তাকে কেন চাকরি থেকে স্থায়ীভাবে বরখাস্ত করা হবেনা- তা জানতে চেয়ে ওই শিক্ষককে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন জেলা কর্মকর্তা।
 
জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ধানসাগর ইউনিয়নের বাধাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জসিমা আক্তার শুক্রবার তার বিদ্যালয়ের শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শতাধিক ছাত্র-ছাত্রীর কাছ থেকে ২৫ থেকে ৩০ টাকা নিয়ে পাঠ্যবই প্রদান করেন। এনিয়ে অভিভাবক ও সচেতন মহলে শুরু হয় তোলপাড়।
 
স্থানীয় ইউপি সদস্য মো. রেজাউল করিম পল্টু জানান, বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করা হয়।  উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মুশতাক আহমেদ শিক্ষিকা বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন।