গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে বাড়ি ফেরার পথে হামলার শিকার হয়েছেন নড়াইল পৌরসভার নির্বাচিত পৌর মেয়র, কাউন্সিলরসহ তার সফরসঙ্গীরা। বুধবার সন্ধ্যায় কালনা-শংকরপাশা ফেরিঘাটে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বুধবার নড়াইল পৌরসভার আওয়ামী লীগ সমর্থিত নবনির্বাচিত পৌর মেয়র, কাউন্সিলর, নড়াইল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে যান। বাড়ি ফেরার পথে কালনা-শংকরপাশা ফেরিঘাটে মেয়রের গাড়ি বহর ফেরিতে উঠছিল। এ সময় একটি বালুভর্তি ট্রাক মেয়রের গাড়ি বহরের মধ্যে ঢুকে পড়লে ট্রাক ও ঘাট এলাকার শ্রমিকদের সঙ্গে বাকবিতণ্ডার একপর্যায়ে মেয়রের সমর্থকরা ট্রাক চালককে মারপিট করে। এ সময় শ্রমিকরা উত্তেজিত হয়ে ৪টি মাইক্রোবাস ও দুটি বাস ভাঙচুর করে। সংঘর্ষে উভয় পক্ষের ৬-৭ জন আহত হয়।
নড়াইল পৌরসভার মেয়র জাহাঙ্গীর বিশ্বাস বলেন, ‘ঘাটের শ্রমিকরা আমার বহরের কয়েকটি গাড়ি ভাঙচুর করেছে। আহতরা স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।
কাশিয়ানি থানার অফিসার ইনচার্জ মো. মনিরুল ইসলাম জানান, মেয়র ও তার সমর্থকদের সঙ্গে শ্রমিকদের হাতাহাতি হয়েছে। তবে, গাড়ি ভাঙচুরের কথা জানা নাই।