চ্যালেঞ্জ নিতে প্রস্তুত সোহান

 
শেষ দিকে বড় শট করায় পারদর্শী এমন একজন ব্যাটসম্যানকে অনেক দিন ধরেই খুজে ফিরছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সেই চিন্তা মাথায় রেখেই জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরজকে সামনে রেখে জাতীয় দলে সুযোগ করে দেয়া হয়েছে নূরুল হাসান সোহানকে। এই সুযোগকে নিজেদের জন্য চ্যালেঞ্জ হিসেবে দেখছেন সোহান।
 
বুধবার মিরপুরে জাতীয় দলের সাথে অনুশীলন শেষে সোহান বলেন, 'প্রথমবার জাতীয় দলে সুযোগ পেয়ে নিজের কাছে খুব ভালো লাগছে, এখন আমার লক্ষ্য ভালো ক্রিকেট খেলা। সামনে এশিয়া কাপ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে এজন্য খেলার উপর মনোযোগ দিচ্ছি।’ এক প্রশ্নের জবাবে খুলনার এই ক্রিকেটার বলেন, ‘টি-টোয়েন্টি শুধু না, যে কোন খেলাতেই চ্যালেঞ্জ থাকে। চ্যালেঞ্জ নিয়ে খেলতে আমার ভালো লাগে।'
 
শেষ দিকে ভালো একজন ব্যাটসম্যান প্রয়োজন ছিলো সেই চিন্তা থেকেই মূলত আপনাকে দলে নেয়া হয়েছে। এমন প্রশ্নের জবাবে এই উইকেট কিপার কামব্যাটসম্যান বলেন, 'দলের প্রয়োজনে যেখানে ব্যাটিংয়ের সুযোগ আসবে সেখানে ব্যাটিং করতে আমার কোন সমস্যা নাই। দলের প্রয়োজনে ১ রান করেও ম্যাচ জেতাতে পারি সেটাই আমার কাছে বড় পাওয়া। তাছাড়া এটা নিয়ে আমি চিন্তা করিনা। এটা টিম ম্যানেজমেন্টের ব্যাপার। আমি প্রস্তুত থাকবো যদি সুযোগ আসে আমি যেন আমার শতভাগ দিতে পারি।'
 
জিম্বাবুয়ের সিরজি শেষ হলেই এশিয়া কাপ এবং  বিশ্বকাপ। এই সিরিজে ভালো করলে বিশ্বকাপে সুযোগ পাওয়ার সম্ভবনা রয়েছে। এমন প্রশ্নের জবাবে সোহান বলেন, 'আসলে এই ভাবে কখনো চিন্তা করি নাই। যেখানেই খেলতাম একটাই চিন্তা থাকতো ভালো পারফর্ম করতে হবে। লক্ষ্যটা থাকতো ভালো খেলার। এখন আসলে অভিষেক এতো কিছু নিয়ে চিন্তা করতেছি না। চিন্তাটা আসলে যদি সুযোগ আসে, তা যেন কাজে লাগাতে পারি।'