জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের পার্লামেন্টারি বোর্ড আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী হিসাবে ২২৪ জনের তালিকা চূড়ান্ত করেছে। গতকাল মঙ্গলবার দলের ও পার্লামেন্টারি বোর্ডের সভাপতি হাসানুল হক ইনুর সভাপতিত্বে অনুষ্ঠিত পার্লামেন্টারি বোর্ডের সভায় প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়। সভায় উপস্থিত ছিলেন পার্লামেন্টারি বোর্ডের সদস্য শিরীন আখতার, অ্যাডভোকেট রবিউল আলম, মীর হোসাইন আখতার, ইকবাল হোসেন খান, অ্যাডভোকেট হাবিবুর রহমান শওকত, আফরোজা হক রীনা। বিশেষ আমন্ত্রণে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. আনোয়ার হোসেন। পার্লামেন্টারি বোর্ডের সভায় সিদ্ধান্ত হয়, ১৪ দল ও মহাজোট নির্বাচনী ঐক্যের স্বার্থে প্রয়োজনে জাসদ মনোনীত দলীয় প্রার্থীদের দলীয় সিদ্ধান্ত দেওয়া হলে তারা মনোনয়নপত্র/প্রার্থিতা প্রত্যাহার করবেন।