সৈয়দপুরে স্থগিত ৪ কেন্দ্রের ভোট ১২ জানুয়ারি

নীলফামারীর সৈয়দপুর পৌরসভা অনিয়ম ও সহিংসতার কারণে বন্ধ হয়ে যাওয়া ৪টি স্থগিত কেন্দ্রের ভোট গ্রহণ আগামী ১২ জানুয়ারি অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। নির্বাচনে মেয়র, ৩টি সাধারণ কাউন্সিলরের বেসরকারি ফল স্থগিত রাখা হয়েছে। 
 
সৈয়দপুরে ৪টি ভোট কেন্দ্রের ভোট স্থগিত থাকায় ২৮টি ভোট কেন্দ্রের বেসরকারি ফলে বিএনপির মেয়র প্রার্থী এগিয়ে রয়েছে। এই পৌরসভায় ৩২টি ভোট কেন্দ্রের মধ্যে ৪টি ভোট কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত রয়েছে। ২৮টি ভোট কেন্দ্রের ফলে বিএনপির ধানের শীষ প্রতীকের আমজাদ হোসেন সরকার ভজে ২৫হাজার ৮২৩ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি  আওয়ামী লীগের নৌকা প্রতীকের অধ্যাপক সাখাওয়াৎ হোসেন খোকন  ভোট পেয়েছেন ১৯ হাজার ৯৫৯। এদিকে স্থগিত ৪টি ভোট কেন্দ্রের মোট ভোট সংখ্যা ১০ হাজার ৪১৮। 
 
সৈয়দপুর পৌরসভার রির্টার্নি অফিসার ও জেলা নির্বাচন অফিসার জিলহাজ উদ্দিন জানান, ধানের শীষ প্রতীকের সঙ্গে নৌকা প্রতীকের ভোটের ব্যবধান ৫ হাজার ৮৬৪ থাকায় ওই স্থগিত চারটি ভোটকেন্দ্রের নির্ধারিত ভোট গ্রহণের পর চুড়ান্ত ফল ঘোষণা করা হবে। 
 
স্থগিত ৪টি কেন্দ্রের মধ্যে মুসলিম উচ্চ বিদ্যালয়ে ২ হাজার ৪৫৩, ফ্রি আমিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২ হাজার ১০৫, নয়াটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২ হাজার ৫৪৬ ও গোলাহাট রেলওয়ে কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ৩ হাজার ৩১৪ ভোটসহ মোট ১০ হাজার ৪১৮ জন ভোটার রয়েছে।