হরতালে কড়া নিরাপত্তা

মানবতাবিরোধী অপরাধের দায়ে মতিউর রহমান নিজামীর ফাঁসি বহালের প্রতিবাদে তার দল জামায়াতে ইসলামীর হরতাল চলছে কড়া নিরাপত্তার মধ্যে।
 
আপিল বিভাগে নিজামীর রায়ের কারণে বুধবার থেকেই ঢাকার সড়কে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে হরতালের শুরু থেকেই প্রতিটি মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থান দেখা গেছে।
 
বৃহস্পতিবার সকাল থেকে ঢাকার কোথাও জামায়াত-শিবির কর্মীদের তেমন কোনো তৎপরতা বা মিছিল-পিকেটিং চোখে পড়েনি। কোথাও গোলযোগেরও কোনো খবর পাওয়া যায়নি বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।
 
দিনের শুরুতে রাস্তায় ব্যক্তিগত যানবাহন কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সড়কে ব্যস্ততা বাড়ছে। গণপরিবহনের পাশাপাশি চলছে অটোরিকশা  ও রিকশা।
 
নিরাপত্তার কারণে এবং হরতালের সকালে যাত্রী কম থাকায় মহাখালী ও গাবতলী বাস টার্মিনাল থেকে দূরপাল্লার বাস ছেড়েছে অন্যদিনের তুলনায় কম।