ব্যবসায়ীকে গুলি করে পাঁচ লাখ টাকা ছিনতাই

রাজধানীর মিরপুরে মঈনউদ্দিন (৪৫) নামের এক ব্যবসায়ীকে গুলি করে পাঁচ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। বুধবার দিবাগত রাত ১১টার দিকে শাহ আলী থানার সি ব্লকের ১০ নম্বর রোড এলাকায় এ ঘটনা ঘটে।
 
মঈনউদ্দিন ডানো দুধের ডিলার হিসেবে কাজ করেন।গুলিবিদ্ধ মঈনউদ্দিন কল্যাণপুর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন।
 
শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শাহীন মণ্ডল মঈনউদ্দিনের স্ত্রীর বরাত দিয়ে জানান, বুধবার রাতে হেঁটে বাসায় ফেরার সময় ওই এলাকার সি ব্লকে মঈনউদ্দিনকে গুলি করে ব্যাগ ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।
 
ছিনতাই হওয়া ওই ব্যাগে পাঁচ লাখ টাকা ছিল বলেও দাবি করেন মঈনউদ্দিনের স্ত্রী।