ফাঁকা গুলি ছুড়ে ক্রিকেট জয়োৎসব!

ক্রিকেট জয়োৎসবে মাতোয়ারা হওয়া উপমহাদেশে কোনো নতুন বিষয় নয়। তবে যুদ্ধ ও সংঘর্ষের ক্ষেত্র আফগানিস্তান সেই উৎসবে সম্পুর্ণ ভিন্ন এক মাত্রা যোগ করেছে, জিম্বাবুয়ের সঙ্গে ক্রিকেট ম্যাচে শেষ মূহুর্তের এক নাটকীয় জয় উদযাপনে ব্যাপক ফাঁকা গুলি ছুঁড়ে রাজধানী কাবুল প্রকম্পিত করেছেন সমর্থকরা। 
 
বুধবার শারজায় অনুষ্ঠিত ওই সিরিজ নির্ধারণী ম্যাচে শেষ ওভারে তিন বল বাকী থাকতে ছয় মেরে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন দেশটির জাতীয় ক্রিকেট দলের সদস্য গুলবদন নাইব। এতে সিরিজ জয়ের আনন্দে বন্য উদযাপনে মেতে ওঠেন কাবুলের বাসিন্দারা। ব্যাপক অস্ত্রেশস্ত্রে সজ্জিত এই সমর্থকেরা তাদের স্বয়ংক্রিয় রাইফেল থেকে ফাঁকা গুলি ছুঁড়ে আনন্দ প্রকাশ করেন। সাম্প্রতিক দিনগুলোতে তালেবানের চালানো ধারাবাহিক হামলার জেরে কাবুলে নিরাপত্তা বাহিনীগুলো উচ্চ সতর্কাবস্থায় আছে। খেলার জয় উদযাপনে সমর্থকদের গুলি ছুঁড়ে উদযাপন না করার অনুরোধ জানিয়েছিল পুলিশ। কিন্তু পুলিশের অনুরোধ আমলে নেননি সমর্থকেরা।
 
শেষ ম্যাচের আগে সিরিজে ২-২ এ সমতা চলছিল। হ্যামিল্টন মাসাকাদজার সেঞ্চুরিতে ২৪৮ রানের দৃঢ় ভিত গেড়েছিল জিম্বাবুয়ে। জবাব দিতে নেমে বিপর্যয়ের মুখোমুখি হয় আফগানিস্তান। অধিনায়ক আসগর স্তানিকজাই যখন আউট হলেন, তখনও চাই ৯৩ বলে ১০৪ রান, হাতে মাত্র ৪ উইকেট। সাতে নামা গুলবদন সেখান থেকেই জিতিয়ে দিলেন আফগানিস্তানকে।
 
আফগানিস্তানে ক্রিকেট অত্যন্ত জনপ্রিয় খেলায় পরিণত হয়েছে। সারা দেশের মানুষ টান টান উত্তেজনা নিয়ে স্নায়ুক্ষয়ী এই ম্যাচটি দেখেছে। সাফ ফুটবলের ফাইনালে ভারতের কাছে হেরে বিমর্ষ ছিল তারা। তাই জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজ জেতায় সমর্থকেরা কিছুক্ষণের জন্য নিরাপত্তা শঙ্কার কথা ভুলে বন্য আনন্দে মেতে উঠেছিল। তাদের এই বন্য আনন্দে নিরাপত্তা বাহিনীগুলোও বাধ সাধেনি।