হরতালবিরোধী মিছিল-সমাবেশ গণজাগরণ মঞ্চের

 
জামায়াতে ইসলামীর ডাকা হরতাল প্রত্যাখ্যান করে হরতালবিরোধী মিছিল ও সমাবেশ করেছে গণজাগরণ মঞ্চ। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে রাজধানীর শাহবাগস্থ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেয় মঞ্চের কর্মীরা। এ সময় তারা গান, কবিতা, স্লোগানের মাধ্যমে হরতালবিরোধী অবস্থান চালিয়ে যান। বেলা ১১টার দিকে মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকারের নেতৃত্বে একটি হরতালবিরোধী মিছিল বের করে গণজাগরণ মঞ্চের কর্মীরা। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ঘুরে আবার শাহবাগে ফিরে আসে।
 

অবস্থান কর্মসূচিতে ইমরান এইচ সরকার বলেন, যুদ্ধাপরাধীদের ধারাবাহিক বিচারে দেশের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলছে। তবে এ বিচারে যেন কোনোভাবেই দীর্ঘসূত্রিতার সৃষ্টি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। যেসব যুদ্ধাপরাধীর বিচার প্রক্রিয়া চলমান আছে সেগুলো দ্রুত সম্পন্ন করতে হবে। যাদের রায় হয়েছে সেসব রায় দ্রুত কার্যকর করে যুদ্ধাপরাধীমুক্ত মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষাার বাংলাদেশ বিনির্মাণ করতে হবে।