সরাইলে ইজতেমাগামী বাস খাদে পড়ে নিহত ১, আহত ২৫

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় যাত্রীবাহী বাস খাদে পড়ে মুফতি মাসুম আহমেদ নামে এক ইজতেমা যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২৫ যাত্রী। এদের মধ্যে পাঁচজনের অবস্থা আশংকাজনক। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
 
বৃহস্পতিবার সন্ধা ছয়টার দিকে উপজেলাধীন ঢাকা-সিলেট মহাসড়কের বৈশামুড়া এলাকায় এ ঘটনা ঘটে। মাসুম সিলেট বিয়ানী বাজারের দেওগ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
 
হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সিলেটের বিয়ানী বাজার থেকে ইজতেমাগামী ২৬ জন যাত্রী নিয়ে ঢাকাগামী একটি বাস বৈশামুড়া এলাকায় পৌঁছে। এ সময় সামনে থাকা একটি ট্রাককে অতিক্রম করতে গেলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ইজতেমা যাত্রী মাওলানা মাসুম ঘটনাস্থলেই নিহত হন। এ সময় গাড়িতে থাকা আরো ২৫ ইজতেমা যাত্রী আহত হন। স্থানীয় লোকজন ও হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করিয়েছে।